ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২০:০৩, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৪, ১১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

বাণিজ্য ডেস্ক

ডেঙ্গুর বিস্তার রোধে আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় প্রতি শনিবার এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় প্রধান কার্যালয় থেকে শুরু করে শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র ও এটিএম বুথ—সব স্থাপনায় কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

ব্যাংকের সব স্থাপনায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, বৃষ্টির পানি জমে থাকা এবং অন্যান্য পরিবেশগত কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের সব স্থাপনা ও আশপাশের এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার ও প্লাস্টিকের বোতলের মতো যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেগুলো অপসারণ বা পরিষ্কার করতে হবে।

এ ছাড়া ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবাসিক ভবনেও চলবে মশা নিধন কার্যক্রম

ব্যাংকের কার্যালয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবনগুলোতেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কর্মস্থল ও আশপাশের এলাকায় প্রয়োজন অনুযায়ী মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহারের কথাও বলা হয়েছে।

এ ছাড়া পৌরসভা ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাণিজ্য ডেস্ক

আরও পড়ুন