ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:১২, ২৮ জুন ২০২৬ | আপডেট: ২০:১২, ২৮ জুন ২০২৬

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেপ্তার নিরাপত্তা কর্মী মো. আইয়ুব আলী (৫৬)র কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে তাকে সীতাকুণ্ড মডেল থানায় এনে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। 

এর আগে, শনিবার বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে কুমিরা এলাকায় আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথে নকল চাবি ব্যবহার করে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান নিরাপত্তাকর্মী আইয়ুব আলী। 

তিনি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা এলাকার বাসিন্দা ও ছাবির আহম্মদের ছেলে। গত দেড় বছর ধরে তিনি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার অধীনে ওই বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং করে শনিবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অর্থ ব্যাংকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আত্মসাৎ করা অবশিষ্ট টাকার কিছু অংশ আইয়ুব আলী বিভিন্ন কেনাকাটায় ব্যয় করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন