ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

২১ ফাল্গুন ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করবে বাংলালিংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:১২, ৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:১২, ৫ মার্চ ২০২৬

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করবে বাংলালিংক

‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি। এ লক্ষ্যে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। বাংলাদেশে ক্যাশলেস আর্থিক সেবার পরিসর বাড়ানোই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

বুধবার (৪ মার্চ) স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুক্তিটি সই হয়।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ‘মুক্ত পে’ হুয়াওয়ের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপদ, তাৎক্ষণিক ও বড়-অঙ্কের ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে। প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক ক্যাশলেস অর্থ পরিশোধ ও ট্রান্সফার করার সুবিধা দেবে। পুরো প্রক্রিয়ায় ব্যাংকিং খাতের মতো মানসম্মত নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

এর আগে এ উদ্যোগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই ‘মুক্ত পে’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, গ্রাহক ও কমিউনিটির কল্যাণের বিষয়টি মাথায় রেখেই আমরা প্রতিটি উদ্যোগ নিই। দেশজুড়ে সবার জন্য ডিজিটাল আর্থিক সেবা সহজলভ্য করার যে অঙ্গীকার আমাদের, ‘মুক্ত পে’ তারই প্রতিফলন। 

হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) বলেন, ‘মুক্ত পে’ প্ল্যাটফর্মে হুয়াওয়ের সর্বাধুনিক ফিনটেক প্রযুক্তি যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন