ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:৩৬, ৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৩৬, ৭ মার্চ ২০২৬
বেঙ্গল ফাউন্ডেশনে ১০ দিনব্যাপী তাঁতশিল্পের প্রদর্শনী ও মেলা শুরু হচ্ছে ৮ মার্চ রোববার থেকে। মেলায় পণ্য ক্রয়ের পাশাপাশি বাংলাদেশের বস্ত্র খাতের সোনালী ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা পাবেন দর্শনার্থীরা।
মেলার শুভ উদ্বোধন আগামীকাল ৮ মার্চ দুপুর ১২টায় বেঙ্গল ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাঁত বোর্ডের জনসংযোগ কর্মকর্তা নূর-এ-সাফী আহনাফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আগামী ৮ মার্চ থেকে ১৭ মার্চ বেঙ্গল ফাউন্ডেশনের দ্বিতীয় তলার গ্যালারি এবং চতুর্থ তলার উন্মুক্ত স্থানে ১০ (দশ) দিনব্যাপী বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের প্রদর্শনী ও মেলায় নিম্নোক্ত বিষয়সমূহ প্রদর্শন করা হবে।
বাংলাদেশের সোনালী ঐতিহ্য ঢাকাই মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস হতে হ্যান্ডস্পিনিংয়ের মাধ্যমে সুতা তৈরি, সুতা নাটাইকরণ এবং ঢাকাই মসলিনের বুনন প্রক্রিয়া। পুনরুদ্ধারকৃত ঢাকাই মসলিন শাড়ি এবং স্কার্ফ। ঢাকাই মসলিনের ফুটি কার্পাস তুলা, বীজ, গাছসহ প্রায় ১৫০ বছরের পুরাতন জামদানি ও টাঙ্গাইল শাড়ি।
বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে নিবন্ধনপ্রাপ্ত পণ্যসমূহ। রেশমের জীবনচক্র এবং বাংলাদেশ তাঁতশিল্পের ঐতিহাসিক নথি এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ, সুতার সাতকাহন, বিভিন্ন ধরণের রঙ এবং তাঁত যন্ত্রের রকমফের প্রদর্শন।
মেলায় প্রদর্শনী ছাড়াও প্রান্তিক তাঁতিদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতা সাধারণের কাছে বিক্রয়ের লক্ষ্যে জামদানি শাড়ি, কাতান শাড়ি, মণিপুরী শাড়ি, টাঙ্গাইল শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি-গামছা, কুমিল্লার খাদি, কুমারখালীর বেডশীট, রাজশাহীর সিল্ক এবং উপজাতীয় পোশাক ইত্যাদি পণ্যের মোট ১৫টি স্টল থাকবে।
ফলে দর্শনার্থীগণ পণ্য ক্রয়ের পাশাপাশি বাংলাদেশের বস্ত্র খাতের সোনালী ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি।
এএ
ব্যাংকার প্রতিবেদন