ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

আকুর বিল পরিশোধ, ৩৪ বিলিয়নে নামলো দেশের রিজার্ভ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:১৪, ৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:১৫, ৯ মার্চ ২০২৬

আকুর বিল পরিশোধ, ৩৪ বিলিয়নে নামলো দেশের রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

রোববার (৮ মার্চ) ১৩৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মূলত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিভিন্ন দেশের সঙ্গে আমদানি লেনদেন বাবদ গৃহীত পণ্যের অর্থ পরিশোধে এই বিল দেওয়া হয়। আকুর সদস্য দেশগুলোর মধ্যে লেনদেনের জন্য দুই মাস পরপর এ ধরনের বিল পরিশোধ করতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। এরপর সর্বশেষ ৫ মার্চ দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

এখন আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার, আর বিপিএম–৬ হিসেবে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা সবসময় প্রকাশ করা হয় না। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য নিট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে।

প্রতি মাসে সাড়ে ৫ বিলিয়ন ডলার করে এ রিজার্ভ দিয়ে প্রায় ৫ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে।

একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন