ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

২ চৈত্র ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

বিনিয়োগ পরিবেশ পরিবর্তনে ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনা ঘোষণা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:২৫, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:২৬, ১৬ মার্চ ২০২৬

বিনিয়োগ পরিবেশ পরিবর্তনে ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনা ঘোষণা

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশে আমূল পরিবর্তন আনতে ১৮০ দিনের যৌথ এক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) যৌথভাবে এ রোডম্যাপ প্রণয়ন করেছে।

আশিক চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাস্তবায়নমুখী সংস্কারের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো।’ 

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে স্থানীয় বিনিয়োগকারীদের সহায়তা ও বিনিয়োগ ত্বরান্বিত করাই প্রধান অগ্রাধিকার। পাশাপাশি বিদেশি বিনিয়োগের সুযোগ অব্যাহত থাকবে।

পরিকল্পনাটি ২৫টি উদ্যোগের ওপর ভিত্তি করে তিনটি মূল স্তম্ভে সাজানো হয়েছে। এগুলো হল-দৃঢ় অবকাঠামো, বিনিয়োগ সহায়তা ও বিনিয়োগ উন্নয়ন।

অবকাঠামো খাতে ১৩টি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বন্দর আধুনিকায়ন, চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, শিল্পপার্ক সম্প্রসারণ, ফ্রি ট্রেড জোন ও ডিফেন্স ইকোনমিক জোনের উন্নয়ন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পিপিপি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর। এ ছাড়া জ্বালানি খাতকে শক্তিশালীকরণ ও বিকল্প শক্তির উৎস অনুসন্ধানও অন্তর্ভুক্ত।

বিনিয়োগ সহায়তা স্তম্ভের অধীনে প্রতিষ্ঠান সংস্কার এবং বিনিয়োগকারীদের সেবার মান উন্নয়নে জোর দেওয়া হয়েছে। প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—বিডা, বেজা, বেপজা, বিএইচটিপিএ এবং পিপিপি-এর মত বিনিয়োগ প্রসারে সহায়তাকারী সংস্থাগুলোর একত্রীকরণ, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) আলোচনায় অগ্রগতি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাতের পরামর্শক পরিষদ গঠন, মন্ত্রনালয়সমূহের সমন্বয় শক্তিশালী করা এবং বিনিয়োগকারীদের জন্য ‘বাংলাবিজ’ নামে সিঙ্গেল-উইন্ডো ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা।

কর্মপরিকল্পনায় বড় বিনিয়োগকারীদের সমস্যার লক্ষ্যভিত্তিক সমাধান অন্তর্ভুক্ত করা এবং চীনে বিডার প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগ উন্নয়ন স্তম্ভে গুরুত্ব দেওয়া হয়েছে দেশের শিল্পক্ষেত্রের সঠিক চিত্র তুলে ধরা এবং কৃষি ব্যবসা, ওষুধ শিল্প, চামড়া, টেক্সটাইল ও তথ্যপ্রযুক্তির মত অগ্রাধিকার খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ। এছাড়া গভীর সাগরে মাছ ধরা, মেরিকালচার, রপ্তানি-কেন্দ্রিক চিংড়ি প্রক্রিয়াকরণ ও নতুন এফডিআই প্রণোদনা পরিকল্পনা অন্তর্ভুক্ত।

সরকারের ঘোষিত ইশতেহার অনুযায়ী এ উদ্যোগগুলো সমন্বিতভাবে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহায়তা জোরদার এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা বাড়াতে কাজ করবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন