ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২৬
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে আজ। সপ্তাহের শুরুতে বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর থাকবে শেয়ারবাজার, ডলারের বিনিময় হার, ব্যাংকের সুদ, সোনার দাম এবং নিত্যপণ্যের বাজারে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইএস প্রায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ পয়েন্ট এবং ডিএস-৩০ ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান নেয়।
দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৭২১ কোটি টাকা। আজকের লেনদেন এসব সূচকের অবস্থান দিয়েই শুরু হবে।
গত সপ্তাহে ডলারের দাম কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৯৫ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। ইউরোর দাম ছিল ১৪২ থেকে ১৪২ টাকা ৫৬ পয়সা।
ডলার, ইউরো, পাউন্ড, ভারতীয় রুপি, চীনা ইউয়ান, জাপানি ইয়েন, অস্ট্রেলীয় ও সিঙ্গাপুরি ডলারের দামও আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে খোলাবাজার ও ব্যাংকভেদে মুদ্রার দাম ভিন্ন হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে ব্যাংক খাতে ঋণের গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ। আমানতের গড় সুদহার ৬ দশমিক ২২ শতাংশ।
তবে ব্যাংক ও ঋণ বা আমানতের ধরনভেদে সুদহারে পার্থক্য রয়েছে। অনেক ব্যাংকে দীর্ঘমেয়াদি এফডিআরে সুদহার ১০ শতাংশের বেশি হলেও বিভিন্ন ধরনের ঋণে সুদহার ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত রয়েছে।
জুলাইয়ের শেষে নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর প্রভাবে কিছু ব্যাংক ঋণ ও আমানতের সুদহার কমানোর উদ্যোগ নিয়েছে।
গত বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
গত সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়ে ২০৪ টাকা হয়েছে। অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ সংকটে চিনির উৎপাদন কমায় বাজারে সরবরাহও কমেছে। বর্তমানে খোলা চিনি কেজিপ্রতি প্রায় ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং ডিমের ডজন প্রায় ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ এখন খেলাপি।
এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ পুনঃতফসিলের পর পরিশোধে সর্বোচ্চ ১৫ বছর সময় দেওয়ার সুযোগও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম দুই বছর কোনো কিস্তি না দেওয়ার সুযোগ থাকছে।
অন্যদিকে বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠানকে টার্নওভার কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেয়ারবাজারে আইপিও ছাড়াই সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়ার খসড়া বিধিমালাও অনুমোদন করেছে বিএসইসি।
চলতি সপ্তাহে আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ হতে পারে। সর্বশেষ জুলাইয়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে নেমেছিল।
এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এ সপ্তাহে তেলের দাম ১০০ ডলার ছাড়ায় কি না, সেদিকেও নজর থাকবে।
ব্যাংকার প্রতিবেদন