ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

এক দিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ১,০৫০ টাকা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪১, ১২ সেপ্টেম্বর ২০২৬

এক দিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ১,০৫০ টাকা

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। এসব দাম ভ্যাটসহ।

কমেছে রুপার দাম

সোনার দাম বাড়লেও দেশের বাজারে কমেছে রুপার দাম। প্রতি ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।

দেশের বাজারে সর্বোচ্চ দাম

দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন এক লাফে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়।

এরপর কয়েক দফা কমে সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমেছিল। পরে আবারও দাম বাড়তে শুরু করে। ফলে চলতি বছরজুড়ে সোনার বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

বিশ্ববাজারেও বাড়ছে সোনার দাম

এদিকে বিশ্ববাজারেও সোনার দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। একই সময়ে সামগ্রিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সোনার দামে পারস্য উপসাগরের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব তুলনামূলক কম। বরং ডলারের দুর্বলতার কারণেই সোনার দাম বাড়ছে বলে মনে করছেন তারা।

তবে বিশ্ববাজারে সোনার দামে প্রতিদিনই ওঠানামা হচ্ছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, গতকাল প্রতি আউন্স সোনার দাম ১৭ ডলার কমেছে। এর আগে কয়েক দিন ধরে দাম কমলেও সম্প্রতি আবার ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৩০ দিনে সামগ্রিকভাবে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২ ডলার ৫৯ সেন্ট।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন