ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:৪০, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪১, ২৫ জুন ২০২৬
তৈরি পোশাক খাতের শ্রমিক, কর্মচারী ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সঙ্গে পৃথক চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, আগামী তিন অর্থবছরে মোট ২২ হাজার ৮১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এতে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
চুক্তি অনুযায়ী, আগামী তিন অর্থবছরে (২০২৬-২৭ থেকে ২০২৮-২৯) মোট ২২ হাজার ৮১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএর ব্যবস্থাপনায় শ্রমিকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ এবং বিইউএফটির ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ছয় মাস মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স পরিচালিত হবে।
কর্মসূচির ব্যয় বহন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ তহবিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন এবং দক্ষ জনবল তৈরির সুযোগ তৈরি হবে।
পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন রপ্তানি বাজারের কমপ্লায়েন্স ও ‘রুলস অব অরিজিন’ বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশে স্যুট কারখানার সংখ্যা বাড়ছে। তাই প্রশিক্ষণ মডিউলে সার্কুলার মেশিন ও কমপ্লায়েন্স-সংক্রান্ত বিষয় যুক্ত করলে তা আরও যুগোপযোগী হবে। বিকেএমইএর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালু হওয়ায় শ্রমিক থেকে কর্মকর্তা- সব পর্যায়ের জনবল উপকৃত হবে।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রশিক্ষণের মানোন্নয়ন, কার্যকর তদারকি এবং প্রশিক্ষণ-পরবর্তী ফলাফল মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সরকারি অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইপিবির মহাপরিচালক মো. রুহুল আমিন, বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন