ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

খেলাপি ঋণ আদায় ও আমানত সংগ্রহে রেকর্ড অর্জন রূপালী ব্যাংকের

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৪, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৪, ২৫ জানুয়ারি ২০২৬

খেলাপি ঋণ আদায় ও আমানত সংগ্রহে রেকর্ড অর্জন রূপালী ব্যাংকের

ব্যাংকিং খাতের সংকটের মধ্যেও সাফল্য দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। কঠোর আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে ২০২৫ সালে খেলাপি ঋণ আদায় থেকে শুরু করে আমানত সংগ্রহ ও রেমিট্যান্স; সবকটি সূচকেই ব্যাংকটি নতুন রেকর্ড গড়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, এর ফলে ২০২৫ সালে রূপালী ব্যাংক খেলাপি ও অবলোপন করা ঋণ থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা নগদ আদায় করেছে, যা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া শীর্ষ ২০ ঋণখেলাপি গ্রাহকের কাছ থেকে ৩৬১ কোটি টাকা নগদ আদায়ের পাশাপাশি সমন্বয়ের মাধ্যমে আরও ১ হাজার ৯৭৪ কোটি টাকা আদায় হয়েছে। সব মিলিয়ে মোট ২ হাজার ৩৩৫ কোটি টাকা আদায় করেছে ব্যাংকটি, যা এর ইতিহাসে এক অনন্য মাইলফলক।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়োপযোগী ও কার্যকর সিদ্ধান্তই এই সাফল্যের প্রধান চালিকাশক্তি। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাংকের খেলাপি ঋণ আদায় ও ঝুঁকি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।

খেলাপি ঋণ আদায়ে গতি ও স্বচ্ছতা আনতে মামলা ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে তদারকির ফলে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৮২৩টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা আগের বছরের ৫৭১টির তুলনায় অনেক বেশি।

২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ ১ হাজার ৭১৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪১ কোটি টাকায়। শ্রেণিকৃত ঋণের হার ৪২ শতাংশ থেকে কমে ৩৮ শতাংশে নেমেছে। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে প্রভিশন ঘাটতিও।

খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদনমুখী ও এসএমই খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংকটি সফল হয়েছে। ২০২৫ সালে এসএমই খাতে নতুন করে ১ হাজার ৪৭০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ক্যাশ’ চালু করা হয়েছে। প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে নিয়োগ দেওয়া হয়েছে চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার।

আমানত সংগ্রহেও এসেছে বড় সাফল্য। ২০২৫ সালে নতুন করে ৮ লাখ ৪৯ হাজারের বেশি হিসাব খোলা হয়েছে। আমানত বেড়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। পর্ষদের পরামর্শে ১০০ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে ৬ হাজার ৫০০ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ এবং প্রায় ৪ লাখ নতুন হিসাব খোলা হয়েছে।

রেমিট্যান্স আহরণেও ব্যাংকটি রেকর্ড গড়েছে। ২০২৫ সালে ব্যাংকের মাধ্যমে প্রায় ১৫ হাজার কোটি টাকা বৈদেশিক রেমিট্যান্স এসেছে। রেগুলেটরি ক্যাপিটাল বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ কোটি টাকায়।

বিশ্লেষকদের মতে, দূরদর্শী নেতৃত্ব ও প্রযুক্তিনির্ভর সিদ্ধান্তের ফলে রূপালী ব্যাংক আবারও আস্থার প্রতীক হিসেবে উঠে আসছে। এই ধারা অব্যাহত থাকলে ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত খাতের একটি অনুকরণীয় মডেলে পরিণত হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন