ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

স্বর্ণের বিশাল মজুতের সন্ধান পেলো সৌদি আরব

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:৩২, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৩২, ১৭ জানুয়ারি ২০২৬

স্বর্ণের বিশাল মজুতের সন্ধান পেলো সৌদি আরব

সৌদি আরব চারটি ভিন্ন স্থানে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণের বিশাল মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমানে চালু থাকা খনি এবং নতুন ও পুরোনো বিভিন্ন এলাকায় ব্যাপক খনন কার্যক্রম চালানোর পরই এই সাফল্য পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যেই এই অনুসন্ধান চালায়। পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গেলেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি 'মাদেন' এই স্বর্ণের সন্ধান পেয়েছে। 

গত ১২ জানুয়ারি এই তথ্য প্রকাশ করা হয়। মাদেন জানিয়েছে, কোনো একটি দেশের ভেতরে চালানো খনিজ অনুসন্ধান কার্যক্রমগুলোর মধ্যে এটি অন্যতম বৃহত্তম প্রচেষ্টা।

কোম্পানির তথ্য অনুযায়ী, প্রাথমিক খননকাজে ৯০ লাখ (৯ মিলিয়ন) আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে খনন ব্যয়, পণ্যের দামসহ বার্ষিক সাধারণ হিসাব-নিকাশ সমন্বয়ের পর প্রকৃত নতুন স্বর্ণের মজুতের পরিমাণ নির্ধারিত হয়েছে ৭৮ লাখ আউন্স।

সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া গেছে  প্রধান প্রকল্প 'মানসুরা মাসারাহ' থেকে। গত এক বছরে এই প্রকল্পে নতুন করে ৩০ লাখ আউন্স স্বর্ণ যোগ হয়েছে। এ ছাড়া 'উরুক ২০/২১' ও 'উম আস সালাম' এলাকা থেকে মোট ১৬ লাখ ৭০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। পাশাপাশি 'ওয়াদি আল জাও' এলাকায় প্রথমবারের মতো আনুমানিক ৩৮ লাখ আউন্স খনিজ সম্পদের খোঁজ মিলেছে।

মাদেন জানিয়েছে, 'সেন্ট্রাল অ্যারাবিয়ান গোল্ড রিজিওন'-এ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খননকাজ চালানোর ফলে বেশ কয়েকটি নতুন খনিজ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ ছাড়া ঐতিহাসিক 'মাহদ' স্বর্ণখনির আশপাশে অনুসন্ধান চালিয়েও নতুন খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর ফলে খনিটির কার্যকাল আরও বাড়ানো সম্ভব কি না, তা যাচাই করা হবে।

মাদেনের প্রধান নির্বাহী বব উইল্ট জানিয়েছেন, এসব ফলাফল কোম্পানির দীর্ঘমেয়াদি অনুসন্ধান কৌশল যে সঠিক পথে রয়েছে, তা প্রমাণ করে। তিনি বলেন, 'চারটি এলাকায় ৭০ লাখ আউন্সেরও বেশি স্বর্ণ যুক্ত হওয়া আমাদের স্বর্ণভাণ্ডারের বিশালতা ও সম্ভাবনাকেই তুলে ধরে।'

তিনি আরও বলেন, এই প্রবৃদ্ধি ভবিষ্যতে কোম্পানির আয় বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে এটি দেখায় যে 'অ্যারাবিয়ান শিল্ড'-এ স্বর্ণের যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানোর ক্ষেত্রে কোম্পানি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য খনিজের ক্ষেত্রেও অগ্রগতির কথা জানিয়েছে মাদেন। 'জাবাল শায়বান' ও 'জাবাল আল ওয়াকিল' এলাকায় প্রাথমিক খননকাজে তামা, নিকেল এবং প্ল্যাটিনাম গ্রুপের ধাতুর সন্ধান পাওয়া গেছে।

মানসুরা মাসারাহ প্রকল্পে বর্তমানে মোট খনিজ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ টন। এখানে প্রতি টনে গড়ে ২ দশমিক ৮ গ্রাম স্বর্ণ রয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৪ লাখ (১০.৪ মিলিয়ন) আউন্স।

মাদেন জানিয়েছে, গভীর স্তরে আরও খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে ২০২৬ সাল পর্যন্ত সেখানে খননকাজ চালানো হবে।

এই আবিষ্কারকে সৌদি আরবের খনি খাতের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দেশের অর্থনীতিকে বহুমুখী করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে খনি খাতকে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন