ব্যাংকার ডেস্কঃ
প্রকাশ: ২১:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৬
উত্তরাঞ্চলে ক্যাশলেস লেনদেন আরও সহজ করতে ‘ঢাকা পে’ সেবা চালু করেছে ঢাকা ব্যাংক। এই সেবার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করার পাশাপাশি ঢাকা ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকেও লেনদেন করা যাবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে ‘ঢাকা পে’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের উপমহাপরিচালক (ডিএমডি) মো. মোস্তাক আহমেদ। তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি ও ব্যবসায়ীদের হাতে ‘ঢাকা পে’র কিউআর কোড তুলে দেন।
অনুষ্ঠানে মো. মোস্তাক আহমেদ বলেন, ব্যাংকের কর্মকাণ্ডে শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকলেই হবে না; গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমেও সম্পৃক্ত থাকতে হবে। ঢাকা ব্যাংক দীর্ঘদিন ধরে এ ধরনের সেবা দিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইকু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিদ্দিকুল আলম, রংপুরের সুমি গ্রুপের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী এবং ব্যবসায়ী সুব্রত রুদ্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
এ সময় ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট কুতুব উদ্দিন, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদুজ্জামানসহ রংপুর, দিনাজপুর ও বগুড়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকার ডেস্কঃ