ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:০৯, ৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৯, ৪ ডিসেম্বর ২০২৫
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়ে এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আদেশের আগে চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন।
জুনাইদ আহমেদ পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাকে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ‘চারজনের’ বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এই মামলার আসামি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন। অপর তিন আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন