ব্যাংকার ডেস্কঃ
প্রকাশ: ০৯:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশিসহ প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকার সীমান্তে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বসনিয়ার সীমান্ত পুলিশ।
পুলিশের বিবৃতি অনুযায়ী, আটক ব্যক্তিদের বড় একটি অংশ বাংলাদেশি নাগরিক। প্রথম অভিযানে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশি ও ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।
একই এলাকায় দ্বিতীয় অভিযানে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এ দলে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকেরা ছিলেন। তবে দ্বিতীয় দলে কতজন বাংলাদেশি ছিলেন, তা জানায়নি পুলিশ।
সীমান্ত পুলিশ জানায়, আটক অভিবাসনপ্রত্যাশীরা সাভা নদী পার হয়ে ক্রোয়েশিয়ায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তারা দুটি নৌকা ব্যবহারের পরিকল্পনা করছিলেন। পরে পুলিশ নৌকা দুটি জব্দ করে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে।
ইউরোপে প্রবেশের জন্য অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে বলকান রুট ব্যবহার করে আসছেন। বলকান অঞ্চলের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে বসনিয়াকে অনেকেই ইউরোপে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করেন।
ইইউর সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বলকান রুটে ৪ হাজার ৯০০টির বেশি অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ বছর এই ধরনের পারাপার ২৬ শতাংশ কমেছে।
ব্যাংকার ডেস্কঃ