ঢাকা, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

২৫ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

৪৪তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ১৪৯০ জনকে নিয়োগ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

৪৪তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ১৪৯০ জনকে নিয়োগ

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২১ এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন কাঠামোয় বিসিএসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পর্যায়ের পদে এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ক্যাডার বা দপ্তরের চাহিদা অনুযায়ী সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই বছর মেয়াদি প্রবেশনারি (পরীক্ষাকালীন) সময় পার করতে হবে। প্রয়োজনে সরকার এই প্রবেশনারি সময়সীমা সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। প্রবেশনারি সময়ে কোনো কর্মকর্তা চাকরির জন্য অনুপযুক্ত বিবেচিত হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সঙ্গে পরামর্শক্রমে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ২৪৪ জন, সহকারী সচিব হিসেবে ৯ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে ৪৮ জন, সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ড্যান্ট/ব্যাটালিয়ন উপ-অধিনায়ক হিসেবে ১৩ জন, সহকারী মহাহিসাব নিয়ন্ত্রক হিসেবে ২৯ জন, সহকারী কর কমিশনার হিসেবে ১১ জন, সহকারী রেজিস্ট্রার হিসেবে সাতজন, ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে সাতজন, সহকারী পরিচালক/তথ্য কর্মকর্তা/গবেষণা কর্মকর্তা বা সমমানের পদে একজন, সহকারী পরিচালক (প্রোগ্রাম) হিসেবে ছয়জন, সহকারী নিউজ কন্ট্রোলার হিসেবে একজন, সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে ১৮ জন, সহকারী কন্ট্রোলার হিসেবে ছয়জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২৩ জন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে তিনজন, সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে একজন, বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগে ১৮ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে ব্যর্থ হলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন