ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৪৪, ৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৪৭, ৯ মার্চ ২০২৬

ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

আজ সোমবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। গতকাল রোববার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণের পরই ঢাকা ওয়াসার এমডি পদে নতুন দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন।

সম্প্রতি আব্দুস সালামের স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডায় বাড়ি থাকার বিষয় নিয়ে ৪ মার্চ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তাঁকে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকা ওয়াসার এমডি পদে আব্দুস সালামকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তাঁকে নিয়োগ দেওয়ার আগে বিজ্ঞপ্তির শর্ত একাধিকবার সংশোধন করা হয় এবং যোগ্যতা নিশ্চিত করতে তাঁকে পদোন্নতিও দেওয়া হয়। পরে কোনো সাক্ষাৎকার ছাড়াই তিনজনের তালিকায় তাঁর নাম সবার ওপরে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং মন্ত্রণালয় তাঁকেই নিয়োগ দেয়।

এর আগে দীর্ঘদিন ঢাকা ওয়াসার এমডি ছিলেন তাকসিম এ খান। ২০০৯ সালে নিয়োগ পাওয়ার পর তিনি ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে গত বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ রয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন