ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১২:৪৬, ২৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৪৬, ২৪ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল আর্থিক সেবা (এমএফএস) পরিচালনার জন্য একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত ২২ জানুয়ারি এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত ওই বৈঠকে সব ধরনের নিয়ন্ত্রক অনুমোদন সম্পন্ন হওয়ার শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত সাবসিডিয়ারির অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) নির্ধারণ করা হয়েছে ১,০০০ কোটি টাকা এবং প্রাথমিক পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) হবে ৫০ কোটি টাকা। বিনিয়োগের প্রয়োজন অনুযায়ী, পরিশোধিত মূলধন ধাপে ধাপে বাড়ানো হবে।
মূল্য সংবেদনশীল (প্রাইস সেনসিটিভ) তথ্য প্রকাশে জানানো হয়েছে, প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংক ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। বাকি শেয়ার বাংলাদেশ ব্যাংকের এমএফএস নির্দেশনা অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারীদের কাছে অফার করা হতে পারে।
ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ইসলামী ব্যাংক বর্তমানে নিজস্ব এমএফএস প্ল্যাটফর্ম 'এমক্যাশ' পরিচালনা করছে, যা ২০১২ সালের ডিসেম্বর মাসে চালু করা হয়।
মোবাইল ফোনের মাধ্যমে এমক্যাশে নগদ জমা ও উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর, প্রবাসী আয় গ্রহণ, হিসাবের ব্যালান্স ও মিনি স্টেটমেন্ট দেখা, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ এবং মার্চেন্ট বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন