ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্র্যাক ব্যাংকের সিএসআরে বদলে গেল পৌনে ২ লাখ মানুষের জীবন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:৫৫, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫৫, ২৮ জানুয়ারি ২০২৬

ব্র্যাক ব্যাংকের সিএসআরে বদলে গেল পৌনে ২ লাখ মানুষের জীবন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক।

নারীশিক্ষা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা খাতে ব্যাংকটির সিএসআর উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির আওতায় ৮০৭ জন নারীশিক্ষার্থী ও ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচিতে ৩৪৮ জন নারী উদ্যোক্তা সহায়তা পেয়েছেন।  এ ছাড়া ব্যাংকের সহকর্মীদের ৩৫ জন প্রতিবন্ধী সন্তানকে বৃত্তি দেওয়ার মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রেখেছে ব্যাংকটি।

স্বাস্থ্যখাতে ‘অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে ৪৭ হাজার ৫৩৪ জন কর্মী বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা পেয়েছেন। পাশাপাশি ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪ হাজার ৫৪৫ জন মানুষ চোখের চিকিৎসা, ৩ হাজার ৯৭১ জন ছানি অপারেশন ও ৭ হাজার ২৯ জন বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেশন পেয়েছেন।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিতে প্রশিক্ষণ, লিম্ব ও ব্রেস সহায়তা, দক্ষতা উন্নয়ন ও চাকরির সুযোগ সৃষ্টি করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ও পরিবেশ পদক প্রদান করা হয়। মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হয়েছে।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাংকটির ৮৫ জন সহকর্মী প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তি বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন, যা প্রতিবন্ধীব্যক্তিদের নিয়ে দেশে সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি জোরদার করেছে। কর্মক্ষেত্রের বাইরেও ৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তি আইটি ও মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন, যা তাঁদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে।

পাশাপাশি দেশের ৮১০ জন সুবিধাবঞ্চিত মানুষ লিম্ব ও ব্রেস সহায়তা পেয়েছেন, যা তাঁদের চলাচল ও আত্মনির্ভরতা বাড়িয়েছে। এ ছাড়া শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ৭৮ জনকে সেলাই প্রশিক্ষণ দিয়েছে ব্যাংকটি। এর ফলে জীবিকা নির্বাহ অনেকটাই সহজ হয়েছে এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য।

সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে বিনিয়োগের অংশ হিসেবে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো’ নারী হকি টুর্নামেন্টে দেশের ৩৪২ জন নারী ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়া ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কারের ১৩তম আসরে চারজন লেখককে সম্মাননা প্রদান করা হয়।

বিগত বছরে ব্র্যাক ব্যাংক ৫৯ হাজার ৬৫৩ জন সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র দিয়েছে। কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ব্যাংকটির ক্ষতিগ্রস্ত সাপোর্ট স্টাফদের আর্থিক সহায়তা দিয়েছে।

সিএসআর উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনার লক্ষ্যেই এসব উদ্যোগ নেয়া হয়েছে, যা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন,  আমরা সামাজিক প্রতিবন্ধকতা দূর করে মানুষের পাশে দাঁড়াই, যাতে তাঁরা মর্যাদা ও সম্মানের সাথে অর্থবহ জীবন যাপনের সুযোগ পান। এমন উদ্যোগে নীতি সহায়তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন