ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রবাসীদের স্বজনদের জন্য দেশে টাকা পাঠানোর আরো একটি সহজ মাধ্যম উন্মুক্ত করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। এখন ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকেরা তাদের স্বজনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ নগদ ওয়ালেট-এর মাধ্যমে পাঠাতে পারছেন।
সম্প্রতি ঢাকার বনানীতে নগদের প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও নগদের মধ্যে রেমিট্যান্স পেমেন্টবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে উপকারভোগীরা সর্বনিম্ন ক্যাশ আউট খরচে ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সরকারের দেওয়া দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনাও উপভোগ করতে পারবেন রেমিট্যান্স গ্রহীতারা।
এ ছাড়া ৬০টিরও বেশি মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং তিন লাখেরও বেশি নগদ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে এই সেবা পাওয়া যাচ্ছে।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে রেমিট্যান্স সেবার আওতাভুক্ত করতে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
এই চুক্তির মাধ্যমে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়, নগদের সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন