ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:৩৫, ৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:৩৫, ৯ মার্চ ২০২৬
পদ্মা ব্যাংক পিএলসিতে নারী কর্মীদের কর্মপরিবেশ নিরাপদ রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংকের গুলশান করপোরেট হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) কাজী মো. তালহা। তিনি নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে বলেন, কর্মক্ষেত্রে নারী কর্মীরা কোনো অযাচিত মন্তব্য বা অবাঞ্ছিত আচরণের শিকার হলে তা কঠোরভাবে দমন করা হবে। এই লক্ষ্যে তিনি একটি বিশেষ হটলাইন নম্বর ও ইমেইল চালুর নির্দেশ দেন। অভিযোগকারীর পরিচয় গোপন রেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি প্রয়োজনে সরাসরি ব্যবস্থাপনা পরিচালক বা উপ-ব্যবস্থাপনা পরিচালকের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য—‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—সামনে রেখে নারী সহকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সাফল্য ও সংগ্রামের গল্প শোনেন।
নারী কর্মীরা কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সিনিয়র ম্যানেজমেন্টের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার হোসনে আরা আক্তার, কোম্পানি সেক্রেটারি এএসএম আসাদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন